-
ডিপিপি অনুমোদনের আগেই কঠোর যাচাইয়ের সুপারিশ
-
ভূমি অধিগ্রহণ ও নকশা শেষ না হলে প্রকল্প অনুমোদন নয়
-
অর্থায়ন নিশ্চিত করেই প্রকল্প গ্রহণের তাগিদ
-
দুর্বল ক্রয় পরিকল্পনা ও মূল্যায়নকেও দায়ী করল আইএমইডি
পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ, ভূমি অধিগ্রহণ ও নকশা চূড়ান্ত হওয়ার আগেই ডিপিপি অনুমোদন, অর্থায়নের উৎস নিশ্চিত না করেই প্রকল্প হাতে নেওয়া এবং দুর্বল ক্রয় ব্যবস্থাপনা—এসব কারণেই দেশের উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বাড়ছে বলে মনে করছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংস্থাটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমন ১৮টি বড় কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রকল্প অনুমোদনের আগেই কঠোর যাচাই-বাছাই এবং একগুচ্ছ নীতিগত সংস্কারের সুপারিশ করেছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ এবং সুপারিশ’ শীর্ষক উপস্থাপনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরে আইএমইডি। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শকিল আখতার, পরিকল্পনা কমিশনের সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএমইডির মূল্যায়নে বলা হয়েছে, পরিকল্পনা পর্যায়ের দুর্বলতাই প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় সংকট। বৃহৎ বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্যতা সমীক্ষা বাধ্যতামূলক হলেও অনেক প্রকল্প পূর্ণাঙ্গ সমীক্ষা ছাড়াই অনুমোদনের জন্য পাঠানো হয়। আবার অনেক ক্ষেত্রে সমীক্ষার মানও আন্তর্জাতিক মানদণ্ডের নয়। ফলে বাস্তবায়নের সময় নকশা পরিবর্তন, ব্যয় বৃদ্ধি, মেয়াদ বাড়ানো এবং বারবার প্রকল্প সংশোধনের প্রয়োজন হয়।
এ পরিস্থিতি মোকাবিলায় স্বাধীন ও অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা, স্বাধীন কারিগরি কমিটির মাধ্যমে তা যাচাই এবং সমীক্ষার মান নিয়ন্ত্রণে পৃথক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে সংস্থাটি।
প্রকল্প বাস্তবায়নে দ্বিতীয় বড় বাধা হিসেবে ভূমি অধিগ্রহণের জটিলতার কথা উল্লেখ করেছে আইএমইডি। সংস্থাটির মতে, মালিকানা বিরোধ, ক্ষতিপূরণ নির্ধারণ, বাজারমূল্য নিয়ে জটিলতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে অধিকাংশ প্রকল্পে ভূমি অধিগ্রহণ দীর্ঘায়িত হয়। এতে নির্মাণকাজ শুরু হতে দেরি হয় এবং প্রকল্প ব্যয়ও বেড়ে যায়।
এ কারণে ভূমি অধিগ্রহণ ও ড্রইং-ডিজাইন সম্পন্ন না করে কোনো প্রকল্প অনুমোদন না দেওয়া, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে সময়াবদ্ধ করা এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বিশেষ টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে আইএমইডি।
প্রতিবেদন অনুযায়ী, অর্থায়নের অনিশ্চয়তাও প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান ঝুঁকি। অনেক প্রকল্পে অর্থের উৎস নিশ্চিত না করেই অনুমোদন দেওয়া হয়। আবার মধ্যমেয়াদি বাজেট কাঠামোর ব্যয়সীমা এবং এডিপির সম্ভাব্য বরাদ্দ বিবেচনায় না নেওয়ায় বাস্তবায়নের মাঝপথে অর্থসংকট দেখা দেয় এবং অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন পড়ে।
এ অবস্থায় প্রকল্প অনুমোদনের আগেই অর্থায়নের উৎস নিশ্চিত করা, ব্যয়সীমা মেনে চলা এবং প্রকল্পের বার্ষিক ব্যয় পরিকল্পনার সঙ্গে এডিপি বরাদ্দের সামঞ্জস্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে আইএমইডি।
সংস্থাটি আরও বলেছে, অনেক প্রকল্পে শুরুতেই কার্যকর ক্রয় পরিকল্পনা ও ক্রয় কৌশল প্রণয়ন করা হয় না। উন্নয়ন সহযোগীর অর্থায়ন নিশ্চিত হওয়ার পরও সময়মতো ডিপিপি বা টিএপিপি প্রস্তুত হয় না। একই সঙ্গে প্রকল্প শেষ হওয়ার পর অর্থনৈতিক মূল্যায়ন না করা এবং ফলাফলভিত্তিক মূল্যায়ন কাঠামোর অভাবের কারণে প্রকল্পের প্রকৃত সুফলও মূল্যায়ন করা সম্ভব হয় না।
আইএমইডির মতে, প্রকল্প গ্রহণের আগেই এসব কাঠামোগত দুর্বলতা দূর করা গেলে উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমানো, সরকারি বিনিয়োগের দক্ষতা বাড়ানো এবং প্রকল্প বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।