ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুলাই অনুষ্ঠিত টিআইবির ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় ড. রায়হান প্রথমবারের মতো সদস্য হিসেবে অংশ নেন। তিনি আগামী তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Cutting Edge of Development Thinking কর্মসূচির একজন অ্যালামনাই।
টিআইবি জানায়, সংস্থাটির ট্রাস্টি বোর্ডই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বর্তমানে বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’-এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। বোর্ডের কোষাধ্যক্ষ দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম। অন্যান্য সদস্যরা হলেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন এবং ব্যারিস্টার মনজুর হাসান।