শনিবার, আগস্ট ০১, ২০২৬

আত্মনির্ভর অর্থনীতির জন্য মূল্য সংযোজন বাড়ানোর তাগিদ

টেকসই ও আত্মনির্ভর অর্থনীতিতে রূপ দিতে বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

তিনি বলেন, রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরিয়ে আনা এবং তৈরি পোশাক (আরএমজি) খাতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোই হবে প্রকৃত আত্মনির্ভরতার ভিত্তি।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ইকোনমিক্স ক্লাব আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের পরবর্তী বিশ্লেষণ ও বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহবুব উল্লাহ বলেন, স্বাধীনতার পাঁচ দশক পর দেশের উন্নয়নের পরবর্তী ধাপে বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ ও মূল্য সংযোজনের ভিত্তি শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সম্পদ ও আয় বণ্টনে ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিনিয়োগযোগ্য মূলধনের দেশীয় উৎস সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউবিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সুযোগ থাকলেও এর সাফল্য নির্ভর করবে কার্যকর বাস্তবায়নের ওপর। এডিপির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং প্রকল্পের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

তিনি বলেন, মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বেসরকারি বিনিয়োগের ধীরগতি এখনো অর্থনীতির বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিবর্তে বিদ্যমান কাঠামোর মধ্যেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পক্ষে মত দেন ড. মাহবুব আলী। পাশাপাশি এলডিসি-পরবর্তী প্রতিযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ব্লকচেইন ও ডিপ লার্নিংয়ের মতো প্রযুক্তিভিত্তিক বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ও বিইউবিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন বলেন, বাজেট-পরবর্তী বিশ্লেষণ ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান। বক্তারা বলেন, বাজেট ইতিবাচক দিকনির্দেশনা দিলেও কাঙ্ক্ষিত ফল অর্জনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষ বাস্তবায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দিতে হবে।

সম্পর্কিত