সোমবার, আগস্ট ০৩, ২০২৬

দুই বছরে এআই প্রশিক্ষণ পাবেন ১১,২০০ যুব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে দেশের ৬৪টি জেলায় একযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২ আগস্ট শুরু হচ্ছে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ জুলাই প্রকাশের পরিকল্পনা রয়েছে।

দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় মোট ১১ হাজার ২০০ জন যুব ও যুব নারীকে এআইভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড এআই প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রতিটি কোর্সের মেয়াদ হবে দুই মাস। এ সময়ে ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

বেসিক প্রশিক্ষণে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, গ্রামারলি, কুইলবট, জ্যাসপার, ক্যানভা, পিক্সলার, ইনভিডিও এবং ইলেভেনল্যাবসের মতো জনপ্রিয় এআই টুল ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

অন্যদিকে অ্যাডভান্সড প্রশিক্ষণে রানওয়ে, সিন্থেশিয়া, মিডজার্নি, ট্যাবলো, জ্যাপিয়ার, ডিসক্রিপ্ট, ক্লিকআপ, নোশন এআই, ডরিক এআই, আহরেফস, সেলসফোর্স, হাবস্পট, কপি ডট এআই, অ্যাডোবি সেনসেই, ড্যাল-ই এবং ভিও প্ল্যাটফর্ম ব্যবহারের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

কর্মকর্তারা জানান, প্রশিক্ষণে শুধু বিভিন্ন এআই টুল ব্যবহারের কৌশল শেখানো হবে না; বরং এআইভিত্তিক কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ, ডেটা বিশ্লেষণ, অটোমেশন, ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তাদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণদের এআইভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় ও বৈশ্বিক ডিজিটাল শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।