এআই দক্ষতা উন্নয়নে দক্ষিণ কোরিয়ার ১ কোটি ৩০ লাখ ডলার অনুদান

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রযুক্তিশিল্পের সংযোগ শক্তিশালী করতে ১ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ১৫৯ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া।

‘ফস্টারিং ইনোভেটিভ টেকনোলজি এক্সপার্টস উইথ আ ফোকাস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার রাজধানীতে প্রকল্পটির রেকর্ড অব ডিসকাশন (আরওডি) ও টার্মস অব রেফারেন্স (টিওআর) সই হয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব এবং এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ অনুবিভাগের প্রধান মাসুমা আক্তার এবং কোইকার পক্ষে সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম নথিতে সই করেন।

অনুষ্ঠানে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইআরডি জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতের চাহিদা মোকাবিলায় বাংলাদেশের প্রযুক্তি পেশাজীবীদের এআই-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার শক্তিশালী ভিত্তি গড়ে তোলাই প্রকল্পটির প্রধান লক্ষ্য।

প্রকল্পের আওতায় উন্নত কারিগরি প্রশিক্ষণ ও শিল্প খাতের চাহিদাভিত্তিক সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিশিল্পের মধ্যে সহযোগিতা বাড়িয়ে পেশাজীবীদের বাস্তব সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি প্রয়োগের সুযোগ তৈরি করা হবে।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা মোকাবিলায় এআইভিত্তিক সমাধানের ব্যবহার উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবনেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

প্রকল্পটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি দেশ-বিদেশে বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

বিশেষ করে দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের প্রশিক্ষিত প্রযুক্তি পেশাজীবীদের কাজের সুযোগ সম্প্রসারণেও প্রকল্পটি সহায়ক হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: ইআরডির এআই কোইকা কোরিয়া দক্ষতা

সম্পর্কিত