এডিপি বাস্তবায়নে ১৭ বছরের সর্বনিম্ন হার

চলতি ২০২৬–২৭ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপির মাত্র ১.৮৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যা ১৭ বছরের সর্বনিম্ন; তিন মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থই ব্যয় করতে পারেনি

লতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ বাস্তবায়ন করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা গত ১৭ বছরের একই সময়ের মধ্যে সর্বনিম্ন।

জুলাই ও আগস্টে এডিপির আওতায় মোট ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে, যা টাকার অঙ্কেও গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরে নিজস্ব অর্থায়নের প্রকল্পসহ এডিপির মোট আকার ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা।

এই বরাদ্দের বিপরীতে প্রথম দুই মাসে ব্যয় হয়েছে দুই শতাংশেরও কম।

২০১০–১১ অর্থবছর থেকে গত ১৭ বছরে জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়নের গড় হার ছিল ৪ দশমিক ৩১ শতাংশ, যা চলতি অর্থবছরের অর্জনের দ্বিগুণেরও বেশি।

আগের ২০২৫–২৬ অর্থবছরের প্রথম দুই মাসে ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হয়েছিল এবং বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৩৯ শতাংশ।

অর্থাৎ চলতি অর্থবছরে গত বছরের চেয়ে ৫ কোটি ১৩ লাখ টাকা কম ব্যয় হয়েছে এবং বাস্তবায়নের হারও শূন্য দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট কমেছে।

২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে ৯ হাজার ৫৮০ কোটি ৪ লাখ টাকা ব্যয়ের মাধ্যমে এডিপির ২ দশমিক ৫৭ শতাংশ বাস্তবায়িত হয়েছিল।

এ ছাড়া ২০২৩–২৪ অর্থবছরের প্রথম দুই মাসে বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ, ২০২২–২৩ অর্থবছরে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২০২১–২২ অর্থবছরে ৩ দশমিক ৮২ শতাংশ।

টাকার অঙ্কে চলতি অর্থবছরের চেয়ে কম ব্যয় হয়েছিল সর্বশেষ ২০১৭–১৮ অর্থবছরে।

ওই অর্থবছরের জুলাই-আগস্টে ৫ হাজার ৩৬ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় হলেও বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক ১৯ শতাংশ।

পর্যালোচনায় দেখা যায়, ২০১০–১১ অর্থবছর থেকে গত ১৭ বছরের মধ্যে জুলাই-আগস্টে সর্বোচ্চ ৮ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল ২০১২–১৩ অর্থবছরে।

২০১০–১১, ২০১১–১২ ও ২০১৩–১৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৬ শতাংশ করে।

অন্যদিকে ২০২০–২১ অর্থবছর থেকে টানা সাত বছর প্রথম দুই মাসের এডিপি বাস্তবায়নের হার ৪ শতাংশের নিচে রয়েছে।

স্থানীয় সরকার একাই ব্যয় করেছে এক-তৃতীয়াংশ

চলতি এডিপির আওতায় মোট ১ হাজার ১৭২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প ৫৩টি।

প্রথম দুই মাসের মোট ব্যয়ের এক-তৃতীয়াংশেরও বেশি করেছে স্থানীয় সরকার বিভাগ।

বিভাগটির অধীনে থাকা ২০১টি প্রকল্পের জন্য চলতি অর্থবছরে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

এর বিপরীতে জুলাই-আগস্টে বিভাগটি ১ হাজার ৯৭৯ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় করেছে, যা তার মোট বরাদ্দের ৫ দশমিক ৯৩ শতাংশ।

বড় বরাদ্দ পাওয়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন চিত্র অবশ্য অনেক পিছিয়ে রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় করেছে ৬৬৫ কোটি ১৫ লাখ টাকা।

বিভাগটির বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ শতাংশ।

বিদ্যুৎ বিভাগ ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ৩৮৫ কোটি ৬১ লাখ টাকা বা ২ দশমিক ১৩ শতাংশ ব্যয় করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৭ হাজার কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় করেছে ২৮২ কোটি ৭০ লাখ টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্প বাস্তবায়নকারী এ মন্ত্রণালয়ের বাস্তবায়নের হার ছিল মাত্র ১ দশমিক ৬৬ শতাংশ।

নৌপরিবহন মন্ত্রণালয় ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দের বিপরীতে মাত্র ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করেছে।

এ হিসাবে মন্ত্রণালয়টির বাস্তবায়নের হার মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ।

রেলপথ মন্ত্রণালয় ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় করেছে ৩১ কোটি ৫৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৫৯ শতাংশ।

তিন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় শূন্য

অর্থবছরের প্রথম দুই মাসে তিনটি মন্ত্রণালয় ও বিভাগ এডিপির এক টাকাও ব্যয় করতে পারেনি।

এগুলো হলো সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

কিছু মন্ত্রণালয় ও বিভাগ অবশ্য তুলনামূলকভাবে বেশি বাস্তবায়ন দেখিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের বরাদ্দের ১১ দশমিক ৫১ শতাংশ এবং আইন ও বিচার বিভাগ ১৩ দশমিক ৬০ শতাংশ ব্যয় করেছে।

অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, অর্থবছরের শুরুতে বাস্তবায়ন স্থবির থাকলে শেষদিকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ওপর তাড়াহুড়া করে অর্থ ব্যয়ের চাপ তৈরি হবে।

এ ধরনের শেষ মুহূর্তের তাড়াহুড়া ব্যয়ের দক্ষতা এবং প্রকল্প বাস্তবায়নের মান দুর্বল করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ: আইএমইডি উন্নয়ন প্রকল্প এডিপি পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন সরকারি ব্যয় স্থানীয় সরকার বিভাগ

সম্পর্কিত