চড়া সবজির বাজারে বেড়েছে ডিম-মুরগির দাম

রাজধানীর বাজারগুলোতে এখনো বেশির ভাগ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ সবজির কেজি ৮০ টাকার ওপরে। এর মধ্যে নতুন করে বেড়েছে মুরগি ডিমের দাম। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তবে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম।

এক সপ্তাহ আগে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে বাজার মানভেদে সেই কাঁচা মরিচ ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুরু হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। ফলে দামও কিছুটা কমেছে।

গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর, কারওয়ান বাজার তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের দামের এমন চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীদের ভাষ্য, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে অনেক সবজিখেত নষ্ট হয়েছে। এতে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দুল, পটোল, ঝিঙা চিচিঙ্গার দাম কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। এছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখী ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে প্রতিটি লাউ ৭০ থেকে ৯০ টাকা এবং জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। ছোট একটি লাল শাকের আঁটি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যান্য শাকের দামও রয়েছে বেশ চড়া।

ডিমের ডজন ১৫০ টাকা ছাড়িয়েছে

সবজির পাশাপাশি গত এক সপ্তাহে বেড়েছে ব্রয়লার সোনালি মুরগি এবং ডিমের দামও।

বিক্রেতারা জানান, কয়েক সপ্তাহ ধরে বাজারে মুরগি ডিমের সরবরাহ তুলনামূলক কম। তার ওপর বৃষ্টির কারণে বেশির ভাগ সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের ওপর চাহিদার চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারদরেও।

গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক সপ্তাহ আগে এর দাম ছিল কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কম। একইভাবে বেড়েছে সোনালি মুরগির দাম। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা।

কারওয়ান বাজারের একজন মুরগি বিক্রেতা বলেন, সবজির দাম বেশি হওয়ায় বাজারে ডিম মুরগির চাহিদা বেড়েছে। এছাড়া, বৃষ্টির কারণেও বাজারে মুরগির সরবরাহ কম। যার প্রভাব পড়েছে দামের ওপর।

ট্যাগ: ডিম দাম সবিজি

সম্পর্কিত