দেশের মানুষের মাথাপিছুু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ১৯ পয়সায় দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

per capita debt in Bangladesh

দেশের প্রতিটি মানুষের বিপরীতে সরকারের ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ১৯ পয়সায় দাঁড়িয়েছে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে  এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রীর দেওয়া হিসাবটি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সরকারের মোট ঋণ ও দেশের জনসংখ্যার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

মাথাপিছু ঋণ বলতে অবশ্য কোনো নাগরিকের ব্যক্তিগতভাবে নেওয়া ঋণ বোঝায় না।

সরকারের দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণকে জনসংখ্যা দিয়ে ভাগ করে এই অঙ্ক বের করা হয়।

তবে শেষ পর্যন্ত সরকারের ঋণের আসল ও সুদ পরিশোধ করা হয় রাষ্ট্রীয় আয় থেকে, যার বড় অংশ আসে জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানের দেওয়া কর ও শুল্ক থেকে।

সংসদ সদস্য রেজা আহাম্মেদ জানতে চান, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণ কত এবং এই বোঝা কমাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবহার এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

এর আগে অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, ২০২৬ সালের মার্চ শেষে সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ৮২২ কোটি ডলার।

তবে বৈদেশিক ঋণের ওই অঙ্ক এবং সর্বশেষ মাথাপিছু ঋণের হিসাব সরাসরি তুলনাযোগ্য নয়, কারণ মাথাপিছু ঋণের হিসাবে সরকারের দেশি ও বিদেশি—দুই ধরনের ঋণই থাকতে পারে।

অর্থমন্ত্রীর দেওয়া মাথাপিছু ঋণের নতুন তথ্য এমন সময়ে সামনে এল, যখন সরকারের ঋণ নেওয়া ও ঋণ পরিশোধের খরচ—দুটিই বাড়ছে।

২০২৫–২৬ অর্থবছর শেষে শুধু ব্যাংক খাতেই সরকারের বকেয়া ঋণ দাঁড়ায় ৬ লাখ ৮১ হাজার ১২৯ কোটি টাকা, যা এক বছর আগে ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা।

ঋণ নিয়ে অবকাঠামো নির্মাণ বা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হলে তা ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব বাড়াতে পারে।

কিন্তু ঋণের অর্থ কম গুরুত্বপূর্ণ প্রকল্প, অপচয় বা অদক্ষ ব্যবস্থাপনায় ব্যয় হলে আসল ও সুদ পরিশোধের চাপ শেষ পর্যন্ত বাজেটের ওপর পড়ে।

এতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অন্যান্য জনসেবায় ব্যয়ের সুযোগ কমে যেতে পারে।

ট্যাগ: অর্থমন্ত্রী জাতীয় সংসদ বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক ঋণ মাথাপিছু ঋণ সরকারি ঋণ

সম্পর্কিত