রেমিট্যান্সে নতুন রেকর্ড- এক বছরে বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার এলেও পরের অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।

নিলোফার চৌধুরী মনি জানতে চেয়েছিলেন, দুই অর্থবছরে কোন কোন দেশ থেকে কী পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থের একটি অংশ শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। এসব অর্থে কোথায় কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্যও জানতে চান তিনি।

যুক্তরাজ্য থেকে বেড়েছে ৬০ শতাংশ

সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটি থেকে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছরে যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৬০ দশমিক ১ শতাংশ।

সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স ৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ দশমিক ৫৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মালয়েশিয়া থেকে প্রবাসী আয় ২ দশমিক ৮০৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

ওমান থেকে রেমিট্যান্স ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং ইতালি থেকে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২ দশমিক ৫১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কুয়েত থেকে রেমিট্যান্স ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং কাতার থেকে ১ দশমিক ২০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার হয়েছে।

সিঙ্গাপুর থেকে প্রবাসী আয় ৯৮৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে ৪০৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৬৬৯ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র কানাডা থেকে কমেছে

তবে সব উৎস দেশ থেকে রেমিট্যান্স বাড়েনি। গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ থেকে প্রবাসী আয় কমেছে। এর মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

২০২৪-২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা কমে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে নেমেছে। অর্থাৎ এক বছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমেছে প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ।

কানাডা থেকেও রেমিট্যান্স কমেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটি থেকে ২২১ মিলিয়ন ডলার এলেও পরের অর্থবছরে তা কমে ১১০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।এ ছাড়া মালদ্বীপ ও মরিশাস থেকেও রেমিট্যান্স কমেছে।

ইউরোপের কয়েকটি দেশ থেকেও বেড়েছে

ফ্রান্স থেকে রেমিট্যান্স ৩৩৫ দশমিক ৫৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৭১ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং গ্রিস থেকে ১৮৫ দশমিক ১১ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩ দশমিক ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

জর্ডান থেকে রেমিট্যান্স ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২৪৬ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ১৯৭ দশমিক ৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২৫৮ দশমিক ১৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

সব মিলিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরে অধিকাংশ উৎস দেশ থেকেই বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য হারে রেমিট্যান্স কমেছে।

 

ট্যাগ: প্রবাসী আয় রেমিট্যান্স

সম্পর্কিত