৬০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এলো আগস্টের প্রথম ৫ দিনে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসের ধারাবাহিকতায় আগস্টের প্রথম পাঁচ দিনেও দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। এ সময়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৬০ কোটি ২০ লাখ (৬০২ মিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৪ ও ৫ আগস্ট—এই দুই দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার।

ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুদৃঢ় হওয়ার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

ট্যাগ: ডলার রেমিট্যান্স

সম্পর্কিত