রেমিট্যান্সের ডলারের দাম কমায় এলসি খরচ কমার সম্ভাবনা

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে রেমিট্যান্সের ডলারের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্স হাউস থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে কিনেছে। অথচ গত সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩ টাকা ৬০ পয়সা থেকে ১২৩ টাকা ৭০ পয়সার মধ্যে।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে রেমিট্যান্সের ডলারের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১ টাকা কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্স হাউস থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা দরে কিনেছে। অথচ গত সপ্তাহে রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩ টাকা ৬০ পয়সা থেকে ১২৩ টাকা ৭০ পয়সার মধ্যে।

ডলারের দাম কমায় আমদানিকারকদের ঋণপত্র বা এলসি নিষ্পত্তির খরচও কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা বা ডলারের সরবরাহ রয়েছে। ফলে আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ডলারের দর কমেছে। ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী সপ্তাহে এ দর আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদি নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি রয়েছে। এর অর্থ হলো, ব্যাংকগুলোর হাতে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে। এ কারণে ব্যাংকগুলো বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনতে আগ্রহ দেখাচ্ছে না।

অন্যদিকে, ব্যাংকগুলো ব্যবসায়ী ও আমদানিকারকদের তুলনামূলক কম দামে এলসি নিষ্পত্তির প্রস্তাব দিচ্ছে। ব্যাংকগুলোর হাতে থাকা ডলার দ্রুত বিক্রি করে দেওয়ার আগ্রহ থেকেই গত কয়েক দিনে এলসি নিষ্পত্তির দর কমানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্সের ডলারের দাম কমা, ব্যাংকগুলোতে ডলারের পর্যাপ্ত সরবরাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে আমদানি ব্যয় কিছুটা কমতে পারে। এতে ব্যবসায়ীদের ওপর চাপ কমার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যে গতি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

ট্যাগ: টাকা ডলার রেমিট্যান্স

সম্পর্কিত