গ্রামীণ সড়কে পরীক্ষামূলকভাবে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ

প্রথম বছরে ১০০ কিলোমিটারে প্রয়োগ, সফল হলে বাড়বে পরিধি

দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রাম সড়ক পুনর্বাসনে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

গ্রামীণ সড়কের স্থায়িত্ব বাড়াতে প্রথম বছরে পরীক্ষামূলকভাবে ১০০ কিলোমিটার সড়কে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

পরীক্ষামূলক প্রয়োগের পর প্রযুক্তিটির কার্যকারিতা ও স্থায়িত্ব মূল্যায়ন করা হবে এবং ফল সন্তোষজনক হলে পর্যায়ক্রমে অন্যান্য গ্রামীণ সড়কেও এর ব্যবহার সম্প্রসারণ করা হবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি একনেকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন।

রাবার বিটুমিন হলো ব্যবহৃত টায়ারের রাবার প্রক্রিয়াজাত করে সাধারণ বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি সড়ক নির্মাণ উপকরণ।

এটি সড়কের স্থায়িত্ব ও নমনীয়তা বাড়ানোর পাশাপাশি ফাটল এবং পানির কারণে ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করতে পারে।

তবে দেশের গ্রামীণ সড়কে প্রযুক্তিটির কার্যকারিতা, নির্মাণ ব্যয় এবং স্থানীয় আবহাওয়ার উপযোগিতা যাচাই করতেই শুরুতে সীমিত পরিসরে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্প অনুমোদনের সময় রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা, যার পুরো অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আওতায় দেশের বিভিন্ন এলাকায় ৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৭ হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।

প্রকল্পের মাধ্যমে নতুন সড়ক নির্মাণ করা হবে না; বরং ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ সৃষ্টি করা বিদ্যমান গ্রামীণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন ও শক্তিশালী করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় দেশের পল্লী এলাকায় বিভিন্ন শ্রেণির মোট ৪ লাখ ১০ হাজার ৫৩০ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক রয়েছে।

এর মধ্যে পাকা গ্রামীণ সড়কের দৈর্ঘ্য ৯৮ হাজার ২৩২ দশমিক ২৭ কিলোমিটার, যার ৩১ হাজার ৪৩৪ দশমিক ৩২ কিলোমিটার বর্তমানে ক্ষতিগ্রস্ত।

যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে ৫ হাজার ২২৩ কিলোমিটার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পটির মাধ্যমে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা, পরিবহন ব্যয় ও যাতায়াতের সময় কমানো এবং কৃষি ও অকৃষিপণ্যের বাজারজাতকরণ সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

একনেক সভায় সড়ক পুনর্বাসনের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে সংস্কার-পরবর্তী রক্ষণাবেক্ষণের ঘাটতিতে অনেক গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় এ কাজে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা এবং নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

ছোট সেতু ও কালভার্ট নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজন অনুযায়ী মেরামতের বিষয়টিও প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, রাবার বিটুমিনের পরীক্ষামূলক ব্যবহার সফল হলে সড়কের আয়ুষ্কাল বাড়ার পাশাপাশি ঘন ঘন সংস্কারের প্রয়োজন ও সরকারি ব্যয় কমতে পারে।

একই সঙ্গে ব্যবহৃত টায়ারের রাবার পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় পরিবেশদূষণ কমানোর ক্ষেত্রেও প্রযুক্তিটি ভূমিকা রাখতে পারে।

বুধবারের সভায় গ্রামীণ সড়ক প্রকল্পসহ মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে একনেক।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত; এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং বাকি অর্থ প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়া হবে।

ট্যাগ: তারেক রহমান প্রধানমন্ত্রী বিটুমিন ররাবার বিটুমিন সড়ক

সম্পর্কিত