বাংলাদেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন জনসেবামূলক খাতে কার্ডভিত্তিক লেনদেন সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে স্টিফেন কারপিনের নেতৃত্বে ভিসার একটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ, লেনদেনের নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসে ভিসার প্রতিনিধিদল। সফরের প্রথম দিন তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা।
বৈঠকে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে সরকারি ও জনসেবামূলক বিভিন্ন খাতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সেবায় কার্ডভিত্তিক লেনদেন সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়।
বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ও সহজ পেমেন্ট অবকাঠামোর প্রয়োজনীয়তাও বাড়ছে। এ ক্ষেত্রে ভিসার প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টদের মতে, সরকারি সেবা ও দৈনন্দিন লেনদেনে কার্ডভিত্তিক পেমেন্টের ব্যবহার বাড়ানো গেলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তাও বাড়তে পারে।