আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফিন্যানশিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) পুরস্কার দুটি বাংলাদেশ ব্যাংকের পক্ষে গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে। এসব লক্ষ্যের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে এবারের ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার পেয়েছিল বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে, নারীদের আর্থিক সেবার আওতায় আনতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির জন্য বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মানিত করা হয়েছে।
এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়ন এবং জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী পদক্ষেপ নেওয়ার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। বিশেষ করে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন কার্যক্রম এ স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অ্যালায়েন্স ফর ফিন্যানশিয়াল ইনক্লুশন (এএফআই) আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান এ সংগঠনের সদস্য।